মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সুজন আহম্মেদ, রংপুর ব্যুরো
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলকে ভয় পায় আওয়ামী লীগ। যদি ক্ষমতাসীনরা ভয় পায় বলেই খুলনার সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা যেই ট্রলারযোগে সমাবেশস্থলে যাচ্ছিলেন সেই ট্রলারে কেন হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে তারা। খুলনা ও রংপুর উভয় সমাবেশের আগে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা। এখনও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যের শুরুতেই রংপুরবাসী কেমন আছেন জানতে চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রংপুরের ছাওয়াল।’
এসময় তিনি বলেন, সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে সমাবেশে মোস্তাফিজুর রহমান নামে এক বিএনপি কর্মী হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার রূহের মাগফেরাত কামনা করে এবং পরিবারকে সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগ বিফলে যাবে না। মানুষ এ সরকারের পতন নিশ্চিত করবে।
সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। ঘুষখোর, চোর সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
পরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল।
এর আগে, আজ সোয়া ১২টার দিকে বিএনপির গণসমাবেশ শুরু হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। রংপুর কালেক্টরেট জাতীয় ঈদগাহ ময়দানের মাঠে জায়গা না পেয়ে নগরীর বিভিন্ন রাস্তায় এবং শহরের ফাঁকা জায়গাগুলোতে অবস্থান নেয় বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা।