সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিরল প্রজাতির বন্যপ্রাণি পাচারকালে বাঁশখালীতে আটক ২জনকে ছয় মাসের কারাদন্ড

বিরল প্রজাতির বন্যপ্রাণি পাচারকালে বাঁশখালীতে আটক ২জনকে ছয় মাসের কারাদন্ড

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি : বান্দরবান জেলার আলী কদম থানা এলাকা হতে অতিবিরল প্রজাতির রাজ ধনেশ পাখি কক্সবাজার জেলার চকরিয়া হতে পেকুয়া ও বাঁশখালী থানা এলাকা অতিক্রম করে সিএনজি যোগে মহানগরের উদ্দেশ্যে রওয়ানা করার খবর পায় বাঁশখালী থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ মে) রাত ১২টার সময় বাঁশখালী প্রধানসড়কের গুনাগুরি বাজার এলাকায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী চক্রের এক সদস্যকে ও তার দেওয়া তথ্যমতে মইজ্যারটেক থেকে অপর একজনসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানাধিন ফাশিয়াখালী ইউপির সিএনজি চালক মো. সেলিম (৪২), বাগেরহাটের সরনখোলা থানাধিন খোন্তাকাটা ইউপির মো. মিজানুর রহমান(৪২)। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান আটককৃদের বিরুদ্ধে বন্যপ্রাণীর সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘পাচারকারী চক্রের সদস্যরা অতিবিরল প্রজাতির রাজ ধনেশ পাখি পাচারের খবর পাই রাত সাড়ে ৯টার সময়। সে থেকে আমাদের আভিযানিক টিম সড়কে তল্লাশি চালিয়ে গুনাগরি থেকে একজনকে, মইজ্জারটেক থেকে অপরজনকে আটক করে। এ সময় সিএনজি এর ইঞ্জিন কাভারের উপরে পাহাড়ি বাঁশের তৈরী খাঁচার ভিতরে রক্ষিত বেতের ঝুড়িতে রাখা ৪টি ধনেশ পাখি উদ্ধার করে পুলিশ। চুনতি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, উদ্ধারকৃত অতিবিরল রাজ ধনেশ পাখিগুলো বর্তমানে থানা হেফাজতে আছে। পাখিগুলো নিয়ে যেতে চট্টগ্রাম চিরিয়াখানা থেকে একটি টিম আসছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |