মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

কানাডাতেও দুর্দান্ত সাকিব

কানাডাতেও দুর্দান্ত সাকিব

কানাডাতেও দুর্দান্ত সাকিব

স্পোর্টস ডেস্ক : দেশ থেকে উড়াল দেয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আর সিরিজসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নতুন করে শুরু করলেন সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার দারুণ নৈপুণ্যে দাপুটে জয় নিশ্চিত করেছে মন্ট্রিয়েল টাইগার্স।

সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে আলাদা করে নজর ছিল দেশের ক্রিকেট ভক্তদের। এদিকে কানাডার লিগে দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। আর দুজনের মধ্যে সাকিবই যেন সব আলো কেড়ে নিলেন। জাগুয়ার্সদের বিপক্ষে তার দল জিতেছে ৫ উইকেটে। বল হাতে এদিন ছন্দে ছিলেন সাকিব। ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

এমনকি জাতীয় দলের সতীর্থ লিটনকেও সাজঘরে ফিরিয়েছেন সাকিবই। ১১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন লিটন। তবে দলীয় অধিনায়ক ইফতেখার আহমেদ এবং ওয়ানডাউনে নামা জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করে ১৩৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ইফতেখার। ব্যাট করতে নেমেও সাকিবের ঝড় দেখেছেন ভক্তরা।

ওয়ানডাউনে নেমে সাকিব খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত। শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়েল টাইগার্স।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |