মনসুর আলম মুন্না- কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া গহিন পাহাড় থেকে বন বিভাগের তিন বনকর্মীকে অপহরণের চার দিন পর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তিনজন হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের, বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম। তারা তিনজনই সুস্থ আছে বলে জানিয়েছে বন বিভাগ। তারা বলেন, স্থানীয় ও আমাদের বন বিভাগের ৩২ জন মিলে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ডাকাত দলের ১৬ জন মতো সদস্য ছিল। আমাদের দেখে অপহৃত তিনজনকে ফেলে তারা পালিয়ে যায় । তারা তিনজনই খুবই সুস্থ আছেন। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।
এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা তাদের অপহরণ করে। উল্লেখ্য, গত সাড়ে আট মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।