মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
মনসুর আলম মুন্না, কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য কে হচ্ছেন এ নিয়ে জেলাজুড়ে চলছে নানান জল্পনা-কল্পনা। কক্সবাজারের চারটি আসন নিয়ে একটি সংরক্ষিত নারী আসন। কিন্তু এ সংরক্ষিত আসনে এমন কি আছে দলের জন্য ত্যাগি নেতাকর্মী ছাড়াও অনেকে এই সংরক্ষিত আসনটি দখলে নিতে হাইকমান্ডে জোরালো লবিং চালাচ্ছে। সংসদ সদস্য হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অন্তত এক ডজন নারী নেত্রী। মনোনয়ন দৌঁড়ে থাকা নেত্রীদের মধ্যে রয়েছে প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, অধ্যাপক ও সাবেক নারী সংসদ সদস্য। সংরক্ষিত আসনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান নারী আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক এথিন রাখাইনের নাম। ইঞ্জিনিয়ার ইসমত আরা ইসমু। ইসমু মহেশখালীর ধলঘাটার বাসিন্দা বীর মুক্তিযুদ্ধ নুরুল হকের কন্যা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য তিনি। গেল নির্বাচনে প্রকৌশলী ইসমত আরা ইসমু রাজধানী ঢাকা ছাড়া কক্সবাজার ৩টি আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীকে বিজয় করতে নৌকার জন্য ভোট চেয়ে মাঠ চষে বেড়িয়েছেন। এতে ভোটার মাঠে অনেকে নজরে আসে প্রকৌশলী ইসমত আরা ইসমুর। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা। তিনি কক্সবাজারের প্রবীণ আয়কর আইনজীবী ছৈয়দুল হকের কন্যা। আলোচনায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এডভোকেট আনিচ উল মাওয়া আরজু। তিনি শহরের প্রয়াত আইনজীবী আবুল বশরের কন্যা। আবুল বশর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
এছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী ক্য চিন থে ডলিও আছেন আলোচনায়। তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। তিনি হারবাংয়ের রাখাইন পাড়ার বাসিন্দা এবং হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রোমানা আক্তারও আছেন নারী সংসদ সদস্য হওয়ার দৌড়ে। তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের কন্যা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নতুনদের মধ্যে প্রকৌশলী ইসমত আরা ইসমু, পুরাতন আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মিণী বর্তমান নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সাবেক এমপি অধ্যাপক এথিন রাখাইন ও দলের হাই কমান্ডের ‘গুড বুকে’ আছেন।