মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রকাশ্যে দু’জনকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে দু’জনকে গুলি করে হত্যা

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সড়কে এই ঘটনা ঘটে। এলাকাটি নগরের শেষ প্রান্তে হাটহাজারী উপজেলার সীমান্তের কাছাকাছি। নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়কে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায়। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক এবং স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গুলিতে আনিস ঘটনাস্থলেই মারা যান এবং কায়সার হাসপাতালে নেওয়ার পর মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে, এটি আগের বিরোধের জেরে ঘটেছে। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |