মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

আগুন নিয়ে খেলা বন্ধ করুন, গণতন্ত্রের পথে ফিরে আসুন: কর্নেল অলি

আগুন নিয়ে খেলা বন্ধ করুন, গণতন্ত্রের পথে ফিরে আসুন: কর্নেল অলি

অনলাইন ডেস্ক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। বাংলাদেশে এখন ১৯৭১ সালের মার্চ মাসের মত অবস্থা বিরাজ করছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নয়তো সামাজিক পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। তবে আজকের খেলা খেলাভাব কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উপর বুধবারের বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই বিবৃতি দেন ড. অলি আহমদ।

বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধীদলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড, ব্যাংক ডাকাতি, অর্থনৈতিক বিপর্যয়, বিচার বিভাগের বিপর্যয়,গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয়রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।

কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনাপ্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করেছে। ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তাদের গুণ্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পোড়া বা সংঘর্ষে জড়িত ছিল না।

বিবৃতিতে তিনি বলেন, বিগত সাতদিন যাবৎ পুলিশ বাহিনী হিটলারি কায়দায় ইসরায়েলের বর্বর বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রুজু ও গ্রেফতার করেছে।

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আল্লাহকে ভয় করুন। মিথ্যা বলা বন্ধ করুন। অন্যায় ও মিথ্যার আশ্রয় নেওয়া বন্ধ করুন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সারাদেশে যে স্ফুলিংঙ্গ সৃষ্টি করেছেন, পুরো বাংলাদেশে তা হয় তো বিশাল অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে। কারণ এই বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি। কারো দয়া দাক্ষিণ্যে বাংলাদেশ স্বাধীন হয়নি। জাতির এই দুর্দিনে নিরব ভূমিকা পালন করা কাফেরের কাজ হবে। দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ।

কর্নেল অলি আরো বলেন, সরকারের যদি সৎ সাহস থাকে, পেটোয়া বাহিনী এবং পুলিশকে বাদ দিয়ে রাস্তায় নামুন। বিরোধী দলগুলোর শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হন। বিএনপির যে সকল নেতাকর্মীকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে- তাদেরকে অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের পরামর্শ দিচ্ছি।

সরকারকে বলবো, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন, অন্তবর্তীকালিন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নিরাপদে সড়ে পড়ুন। অন্যথায় আপনাদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আপনারাই নিপাতিত হবেন। এটা নিশ্চিত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |