মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

যে কারণে বিএনপির দুই এমপির পদত্যাগপত্র গ্রহণ হয়নি

যে কারণে বিএনপির দুই এমপির পদত্যাগপত্র গ্রহণ হয়নি

গণসমাবেশে ঘোষণার পরে রোববার (১১ ডিসেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। তবে, দুই এমপির পদত্যাগপত্র গ্রহণ হয়নি। রোববার বেলা ১১টার পর সশরীরে সংসদ ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়াু৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে দেশে বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা। সাত জনেরই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে, সশরীরে না আসায় হারুন অর রশিদ এবং আবদুস সাত্তারের পদত্যাগপত্র গ্রহণ হয়নি। তারা পরে নিজে এসে জমা দেবেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের পদত্যাগ করতে সশরীরে উপস্থিত হওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, স্পিকার বলেছেন বাকি দুজনকে সশরীরে হাজির হয়ে জমা দিতে হবে। উনারা যখন আসবেন তখন পদত্যাগপত্র জমা দেবেন। বাকি ৫ জন পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |