মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে গোটা বিশ্ব। তাদের প্রিয় দলের সমর্থনে সরব ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ফুটবল বন্ধনায় মত্ত নেটিজেনরা। শোবিজ অঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নন। বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর ব্রাজিলের সমর্থক।
তবে এই অভিনয়শিল্পী ব্রাজিলের ভক্ত কীভাবে হলেন? এ প্রশ্নের উত্তরে এই শিল্পী জানান—‘আমরা যখন ছোট তখন টিভি-রেডিও ছিল না। তাই ছোটবেলায় বিশ্বকাপের খবর পেতাম না। একটু বড় হয়ে পত্রিকা পড়ার অভ্যাস হয়ে যায়। পত্রিকায় বিশ্বকাপের খবর পড়তে পড়তে পেলের ভক্ত হয়ে যাই। পেলের ভক্ত বলেই ব্রাজিলের ভক্ত হয়েছি। আর তখন থেকে এই ব্রাজিলে আটকে আছি আর নড়াচড়া হয়নি।’
এখনো ফুটবল খেলা নিয়ে আগ্রহের শেষ নেই এই অভিনয়শিল্পীর। নিয়মিত ফুটবলের খবর দেখেন তিনি। আর এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন আসাদুজ্জামান নূর। তার ভাষা —‘বিশ্বকাপে বেশ ভালো লড়াই হবে। কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না। একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড-ফ্রান্স-জার্মানি তো আছেই। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল।’
তবে ব্রাজিলের ভক্ত হলেও বিরোধী দল আর্জেন্টিনার মেসির খেলা ভালো লাগে তার। তা ছাড়া গুণী এই শিল্পীর ছেলে-মেয়েরা আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেদিন দারুণ জমে উঠে। একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘খুবই ঝগড়া-ঝাটি হয়। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়, তবে একসঙ্গে দেখা একদম নিরাপদ নয়!

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |