মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রাজিল তাদের ‘মিশন হেক্সা’কে সামনে রেখে কাতার বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে আজ বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশ সময় ১টায়। পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-সার্বিয়া। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল তাদের হারিয়েছিল ২-০ গোলে।
তবে এবার আরও শক্তিশালী দল হয়ে বিশ্বকাপে এসেছে সার্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা। ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে। তাই ইউরোপের এই শক্তিকে খাটো করে দেখার উপায় নেই।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা-জার্মানির মতো দলও নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শক্তির কাছে হেরেছে। ব্রাজিল-সার্বিয়ার ম্যাচটি যে মাঠে হবে, সেখানেই গত পরশু মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব।
তাই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকলেও সার্বিয়াকে নিয়ে সতর্কই থাকতে হবে ব্রাজিলকে। যদিও ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। সেলেসাওরা তাই এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। কিন্তু ফেবারিটদের পতনের বিশ্বকাপে যে আরেকটি অঘটন ঘটবে না, সেই নিশ্চয়তা কে দেবে?