বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ফরিদপুর-২ উপনির্বাচন চলছে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর-২ উপনির্বাচন চলছে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। তাঁদের মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ এবং কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। এ আসনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি বুথের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে সিসি টিভির মাধ্যমে তা পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, ফরিদপুর-২ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নির্বাচন ভবন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শতাধিক ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। প্রথমবার ইভিএমে ভোট হলেও ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রের পরিবেশও বেশ ভালো। এখানে কোনো ধরনের সমস্যা নেই।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তাঁরা হলেন- প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনের জন্য তপশিল ঘোষণা করা হয় ২৬ সেপ্টেম্বর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |