শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

জিয়াউর রহমান দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল : শেখ হাসিনা

জিয়াউর রহমান দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল : শেখ হাসিনা

জিয়াউর রহমান দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের প্রাচীনতম দল। দেশের জনগণকে শোষণ-বঞ্চনা থেকে রক্ষা করার লক্ষ্যে দলটি প্রতিষ্ঠিত হয়। আর যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, ক্ষমতা দখল করে, মার্শাল ল’-এর মধ্য দিয়ে তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয়, পরামর্শ দেয়। তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। মার্শাল ল’ দিয়ে, সারা রাত কারফিউ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দেশবাসীকে কীভাবে গণতন্ত্র দেয় আর কীসের গণতন্ত্র দেয় আমি বুঝি না।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে কিছু লোক আছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, তারা নিজেদের জ্ঞানী-গুণী বলে পরিচয় দেয়, তাদেরও মুখে শুনি- দেশে নাকি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে মিলিটারি ডিক্টেটরদের সময় যারা মার্শাল ল’ দিয়ে রাষ্ট্র চালিয়েছিল, সেটাকেই কি তারা গণতন্ত্র বলতে চান? ওটাই কি তাদের গণতান্ত্রিক ধারা ছিল?

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের বিচার হবে বলে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়। আর সেটা করতে গিয়ে অবৈধ মিলিটারি ডিক্টেটর সেনাবাহিনীর বহু মুক্তিযোদ্ধা অফিসার, হাজার হাজার সৈনিককে হত্যা করে। বিমানবাহিনীর সদস্যদের হত্যা করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |