শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এ বিষয়টির সামধান বের করতে একটি গঠন করা হয়েছে। তারা দ্রুত একটি সমাধান বের করবে। আজ রোববার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক আগে থেকেই তা লক্ষ্য করে আসছি। সেটাকে নিরুৎসাহিত করতে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা শিগগিরই একটা সমাধান বের করবেন। রোহিঙ্গারা যাতে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার থেকে বিরত থাকেন এবং আমাদের নেটওয়ার্ক ব্যবহার করেন, কমিটি সেই ব্যবস্থা করবে।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেষ্টনী, টহল রাস্তা ও ওয়াচ টাওয়ার নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এরইমধ্যে প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ করেছে। কোনো কোনো জায়গায় ৯৯ শতাংশ কাজও শেষ হয়েছে। তারা আমাদের এপিবিএনের কাছে পর্যায়ক্রমে তা বুঝিয়ে দিচ্ছেন। শুধু নিয়ন্ত্রণ কক্ষগুলো তৈরি বাকি রয়েছে। বাকি সব কাজ শেষ হয়েছে।

এসময় রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আজ আমরা যে রিপোর্ট দেখতে পেলাম, সে অনুসারে আমরা ৬৫ শতাংশ রোহিঙ্গাকে জন্ম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসতে পেরেছি। এটা আরও ভালো জায়গায় অর্থাৎ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করেছে বলেও জানান তিনি।

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ভালো মানের হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা দীর্ঘ দাবি ছিল যে, সেখানে স্বাস্থ্যসেবা বাড়াতে হবে। এ বিষয়টি নিশ্চিত করতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আমাদের ভাসানচরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা কমিউনিটি গেছে। সেখানে একটি ভালো হাসপাতাল হওয়া দরকার। আজ বৈঠক তা নিয়েও আলোচনা হয়েছে। হাসপাতালটি যাতে আরও সমৃদ্ধ করা হয় ও শিগগিরই তা কার্যকারিতায় নিয়ে আসতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |