মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বসতঘরে আগুন, মা ও দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে বসতঘরে আগুন, মা ও দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বায়েজিদে বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) ভোরে পূর্ব শহীদ নগর এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সকালেই দগ্ধ এক শিশুর মৃত্যু হয়। পরে দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশু ও মায়ের মৃত্যু হয়।নিহতরা হলেন- নুরনাহার বেগম (৩০) এবং তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা আক্তার (৩)। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে ছয়টি কাঁচা বসতঘর।

চমেক হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ তিনজনেরই শরীরের প্রায় ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, পুলিশ তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সকালে এক শিশুর মৃত্যু হয়। পরে দুপুরে মৃত্যু হয় মা ও আরেক শিশুর। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, ৬ কক্ষবিশিষ্ট একটি বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |