বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং আহত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
তিনি বলেন, বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আরও বলা হয়, বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ-সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে মিডিয়াকে জানিয়েছেন রিটকারী আইনজীবী নিজেই। এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। নিহতদের মধ্যে ৪৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।