তারাকান্দায় হ্যান্ডট্রলির চাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় হ্যান্ডট্রলির চাপায় কাজল মিয়া (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্বপাগুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া ওই ইউনিয়নের লেইপ্সা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়াকান্দা বাজার থেকে গরু নিয়ে নসিমনে করে বাড়ি ফিরছিলেন কাজল মিয়া ও আরও কয়েকজন ব্যবসায়ী। পথিমধ্যে পূর্বপাগুলী এলাকায় নসিমনটি হঠাৎ ঝাঁকুনি দিলে কাজল মিয়া নিচে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি হ্যান্ডট্রলি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে মরদেহটি থানায় নিয়ে আসে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা তারাকান্দা থানার এসআই মো. তাহের উদ্দিন খান বলেন, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া চলছে। ঘাতক হ্যান্ডট্রলিটি জব্দ করা হয়েছে।"

তিনি আরও জানান, "ঘটনা তদন্তের স্বার্থে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তারা সরাসরি এ ঘটনায় জড়িত নয় বলে ধারণা করা হচ্ছে।"

Link copied!