ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বলেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তক্ষয়ী রাজনীতি চাই না।’ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা গুলি অপসারণে জরুরি অস্ত্রোপচার চলছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘হাদির মাথার ভেতরে গুলি রয়েছে এবং তিনি বর্তমানে অপারেশন থিয়েটারে আছেন। গুলি বের করার জন্য সার্জারি চলছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, ‘মোটরসাইকেল আরোহী দুজন কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।’
ইনকিলাব মঞ্চের সদস্যরা বলেন, প্রতি শুক্রবার তারা ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদে প্রচারণা চালান। আজও হাদি মসজিদের তালিকা তৈরি করে দলকে বিতরণ করেন। সদস্য সারোয়ার জানান, হাদি নিজে আলাদা একটি মসজিদে যাচ্ছিলেন এবং সেখানে কাউকে যেতে নিষেধ করেন।
আরেক সদস্য ইস্রাফিল বলেন, ‘হাদি রিকশায় ছিলেন। তখনই মোটরসাইকেল আরোহী দুজন এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এখন বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তার অপারেশন চলছে। আমরা সবার কাছে দোয়া চাই।’
আপনার মতামত লিখুন :