হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এসময় হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়লেন হাসনাত আবদুল্লাহ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আরও গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে। তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।

এর আগে গত নভেম্বরে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। গত ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

১৩ নভেম্বর গভীর রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে দায়ী করে হাদি লিখেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

তিনি আরও লিখেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।’

এদিকে আজ গুলিবিদ্ধ হওয়ার আগে (জুমার নামাজের আগে) বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

Link copied!