গাজীপুরে কাল জামায়াত জোটের জনসভা: জনসমুদ্রে রূপ নেবে রাজবাড়ী মাঠ—জেলা আমির

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের ঢেউ আরও বেগবান করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামীকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত হবে বৃহৎ নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) জনসভার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

এদিকে গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম দাবি করেছেন, মঙ্গলবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, গাজীপুরের ৫টি আসনে পরিবর্তনের হাওয়া বইছে। জামায়াত-জোটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দাঁড়িপাল্লা ও শাপলা কলি অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ও আলোচনার ঝড়।

জামায়াত নেতারা জানান, জনসভা সফল করতে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। সভাস্থল সাজানো, মাইকিং, ব্যানার-ফেস্টুন, গণসংযোগ ও কর্মী সমাবেশসহ নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

তারা আরও জানান, জনসভায় গাজীপুরের ৫টি আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। ফলে এ জনসভাকে কেন্দ্র করে গাজীপুরে নির্বাচনী মাঠে প্রচারণা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নেতারা আরও বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, অনিয়ম, বৈষম্য ও দুর্নীতিতে ক্লান্ত মানুষের কাছে এই জনসভা হবে আশার নতুন ঠিকানা। জনসভা থেকে জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে।

তারা আরও বলেন, দেশের মানুষ আজ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী এমন এক বিকল্প রাজনীতির কথা বলছে—যেখানে ক্ষমতা নয়, জনগণের কল্যাণই মুখ্য। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীকালের জনসভা হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত।

রাজবাড়ী মাঠের জনসভা ঘিরে ইতোমধ্যেই গাজীপুরজুড়ে ভোটের মাঠে নতুন গতি সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা গাজীপুরের পাঁচটি আসনে নির্বাচনী প্রচারণায় বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুরের বিরুদ্ধে অপপ্রচার বুমেরাং হয়ে নিজেদের ওপর বর্তাবে।

Advertisement

Link copied!