ভোটের দ্বারপ্রান্তে দেশ: ধানের শীষে আস্থার আবেদন মিন্টুর

মোঃ জিয়া উদ্দিন , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৩ পিএম

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের সার্বিক উন্নয়ন, এলাকার টেকসই অগ্রগতি এবং সামাজিক শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়; এটি দেশের ভবিষ্যৎ পথচলার ফয়সালার দিন। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে—উন্নয়ন ও স্থিতিশীলতার পথে, নাকি অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে।

বিবৃতিতে আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে দেশের মানুষ নিরাপদ থাকবে। সামাজিক অশান্তি কমবে, বন্ধ হবে সন্ত্রাস, রাহাজানি ও খুনোখুনির রাজনীতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে বসবাস করার পরিবেশ ফিরে পাবে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক শর্ত।

নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এ দেশের ইতিহাস স্পষ্ট—বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই সাধারণ মানুষের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। উন্নত হয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো, কমেছে সামাজিক অবক্ষয়, প্রতিষ্ঠিত হয়েছে নারী-পুরুষের সমান অধিকার। একই সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও গ্রহণযোগ্যতা বেড়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও অস্থিরতার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। ভুল রাজনৈতিক সিদ্ধান্তের দায় শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে সমাজ, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই ভোটের সিদ্ধান্ত নিতে হবে সচেতনভাবে, দায়িত্ববোধ থেকে।

বিবৃতিতে মিন্টু বলেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ফেনী-৩ আসনের মানুষ কেবল একজন প্রতিনিধি নির্বাচন করবে না, তারা নিজেদের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়নের দিশা নির্ধারণ করবে। যদি মানুষ ভুল পথে ধাবিত হয়, তবে গোটা সমাজই বিপদগামী পথে ধাবিত হবে—এই বাস্তবতা মাথায় রেখেই ভোট দিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পক্ষে রায় দেবে। এই রায়ই হবে একটি নিরাপদ, স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের ভিত্তি।

Advertisement

Link copied!