৩৮ দিনের দীর্ঘ ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম

পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শবে কদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের দীর্ঘ ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে আগামী ১৫ মার্চ পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে। পাশাপাশি ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিনগুলোতে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রমজান চলাকালে অফিস সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র রমজানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩:৩০টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর ১:১৫ মিনিট থেকে ১:৩০টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ হতে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ (বারো) দিন শবে কদর, ঈদ-উল-ফিতর, সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিসসমূহ বন্ধ থাকবে।

অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। অফিস আদেশে ছুটি শেষে আগামী ২৮ মার্চ অফিস খোলার দিন প্রতিটি বিভাগ/অফিসের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিত/অনুপস্থিতির প্রতিবেদন সকাল ১১টার মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!