ইবিতে ভাষা শহীদদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসনুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, আই.আই.ই.আর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আলিনূর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের অধিকার ও আত্মপরিচয়ের সংগ্রামে নতুন দিশা পেয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব ও বৌদ্ধিক বিকাশের পূর্বশর্ত। এই বিশ্ববিদ্যালয়কে ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Link copied!