রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘রওনাকে রমজান’ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১০ মার্চ) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
নাছির উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের মাঝে ইসলামের শিক্ষা ও কোরআনের সৌন্দর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের আলোই পারে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছির উদ্দীন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আবু ইউসুফ, গোলাম ফারুক ও লুৎফর রহমান জহির প্রমুখ। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষার মাস। তরুণদের ইসলামী প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লোকমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দীন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, মুজাম্মেল বিন মুসলিম এবং মাওলানা মাসুম বিল্লাহ ফরাজি।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় এবং নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক ছাত্রকে নিয়ে গ্রুপভিত্তিক কোরআন তেলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রাথমিক ও বাছাই পর্ব শেষে সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। ফাইনাল রাউন্ড শেষে সেরা ৮ জন বিজয়ীর মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ধর্মীয় আবহ, কোরআনের সুমধুর তেলাওয়াত এবং ইসলামী সংগীতের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :