কুমিল্লায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ এক বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে থানাধীন চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ আকবর হোসেন ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান চালায়। রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৮নং চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার জনৈক বাবুল মিয়ার বসত ঘরে তল্লাশি করে ২ (দুই) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার মৃত হামিদ মিয়ার ছেলে (বর্তমান বাসিন্দা, চাপিতলা) মোঃ বাবুল মিয়া (৪৮) ও বাবুল মিয়ার স্ত্রী জোসনা বেগম (৪৫) এবং একই এলাকার শিশু মিয়ার ছেলে মোঃ আব্দুল আলীম।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানিয়েছেন: গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Link copied!