শরীফ ওমর টুটুল, গাজীপুর মহানগর: গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে সুসল পাম্পের নিকট থেকে ৪ ছিনতাইকারী এক ব্যক্তির কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার ১৮৬ টাকা এবং একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯(৩)২৬।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ মিয়া (২০)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :