গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানার এএসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো—মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)।
পুলিশ জানায়, তারা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, মহাসড়কে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :