অতিরিক্ত আইজিপি হলেন ড. আশরাফুর রহমান

কে. আই. আল আমিন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৩৮ পিএম

বিসিএস (পুলিশ) ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মস্থলে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে আজ সোমবার (১৬ মার্চ) পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে । রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ । প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোঃ আশরাফুর রহমানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে একই দপ্তরে পদায়ন করা হয়েছে । এই আদেশটি গত ০৯ মার্চ ২০২৬ তারিখ হতে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে ।

অন্য একটি আদেশে পুলিশ প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে:

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে । চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মোঃ আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডি-র অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডি-র অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। সিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাসিব আজিজকে এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মোঃ শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবি-র ডিআইজি মোঃ মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেলা পর্যায়ের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদেরও রদবদল করা হয়েছে:

মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, মোঃ মোস্তাক সরকারের খাগড়াছড়ি জেলায় পূর্ববর্তী বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

Link copied!