বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করলেন সাজ্জাদ পারভেজ

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৫:২৯ পিএম

বরিশালে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছেন বরিশাল জেলা সমাজসেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। পবিত্র রমজান মাসের শেষ দিকে তিনি অর্ধশতাধিক অসহায় পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেন।

সমাজসেবী হিসেবে সাজ্জাদ পারভেজের পরিচিতি রয়েছে। তিনি অসহায়, শিশু, প্রতিবন্ধী, শ্রমিক, দিনমজুর এবং তৃতীয় লিঙ্গের মানুষদের বাসস্থান ও ক্ষুধা নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিছুদিন আগে তিনি '৮৪ ইভেন্ট'-এর সহায়তায় সমাজের অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সাজ্জাদ পারভেজ মনে করেন, মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই তাঁর সবচেয়ে বড় আনন্দ। তাঁর এই সামাজিক সেবামূলক কাজ কেবল রমজান মাসেই সীমাবদ্ধ নয়; তিনি সারা বছরই এই ধরনের উন্নয়নমূলক সেবা প্রদান করে থাকেন। তিনি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ, খেলনা এবং টিফিনফুড কিনে দেন। খেটে খাওয়া দিনমজুররা সাজ্জাদ পারভেজ সম্পর্কে জানতে চাইলে আবেগাপ্লুত হয়ে তাঁর জন্য দোয়া করেন। তারা বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ স্যারের মতো হাসি-খুশি ও সহানুভূতিশীল মানুষ তারা আর দেখেননি। সাজ্জাদ স্যারের কাছে কোনো কিছুর জন্য গেলে কেউ খালি হাতে ফেরেন না। তিনি সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও সাহায্য করেন।

সামাজিক উন্নয়ন বিশ্লেষকদের মতে, সাজ্জাদ পারভেজের মতো কর্মকর্তা প্রতিটি বিভাগে থাকা প্রয়োজন। তাদের মতে, একেকটি বিভাগের কাজ ভিন্ন হলেও সব বিভাগের লক্ষ্য হলো নাগরিক সেবা নিশ্চিত করা। তাই যার যার অবস্থান থেকে নাগরিকের সঠিক সেবা দেওয়া হলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে বলে তারা আশা রাখেন।

Link copied!