কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১২ এএম

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র‍্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি, লাঠিখেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকরাও র‍্যালিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী এবং কটিয়াদী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ, যা বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে নতুন উদ্যমে সবাইকে একত্রিত করতে ভূমিকা রাখে। এই বাংলা নববর্ষ সবার মাঝে ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজারো দর্শনার্থী উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন।

Link copied!