ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে মালঞ্চ ও গাংগুটিয়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এক অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে মোট তিনটি কারখানায় অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনো উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে কান্দাপাড়া এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান অবস্থায় দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ব্যবহৃত একটি মেশিন জব্দ করেন। পাশাপাশি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস। যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে কারখানার আশপাশে গাছ লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :