মোরেলগঞ্জে স্লুইস গেটের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০২:২৭ পিএম

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতায় কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী-পুরুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল আবাদ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।’

মানববন্ধনে বক্তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্লুইস গেট নির্মাণের দাবি জানান। মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, ‘সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে।’

ইউপি সদস্য মো. খলিল হাওলাদার বলেন, ‘জলাবদ্ধতার কারণে গ্রামটি বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বিয়ে-শাদিসহ সামাজিক কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি চান স্থানীয়রা।’

এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের টিকিয়ে রাখতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর বিরূপ প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন।

 

Link copied!