যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের শিক্ষক পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পদে প্রার্থীরা নির্বাচিত হন।
তারা হলেন—সহসম্পাদক পদে বাংলা বিভাগের প্রধান মোঃ মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোঃ হাবিবুল্লাহ বিল্লালী এবং সাধারণ সদস্য (মহিলা) পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান তাহমিনা আক্তার।
ভোটগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন ইতিহাস বিভাগের প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগের প্রধান জয়দেব কুমার বৈরাগ্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলা বিভাগের প্রধান মোঃ ফজলে খুদা। কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রধান হুমায়ুন কবির বিজয়ী হন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ নাজমুল হুসাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে নির্বাচিত হন গণিত বিভাগের প্রধান গৌতম কুমার রায়, যার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান তোজাম্মেল হোসেন।
উল্লেখ্য, কলেজের মোট ৬৪ জন শিক্ষকই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বুলবুল কুদ্দুস, প্রবেশ কুমার দাশ ও গোলাম ফারুক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল হান্নান বলেন, “কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনায় এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে সততা, ন্যায় ও সমতার ভিত্তিতে কাজ করতে চাই।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষক পরিষদ একটি মগুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নবনির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কলেজের একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, এই নির্বাচন প্রমাণ করে যে পারস্পরিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক চর্চা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষক পরিষদের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :