ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি বলেছেন, "দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে পেরেছি। আমরা যে কথা জনগণকে দেই, সে কথা রাখার চেষ্টা করি। দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারাও যেমন সুবিধা পাবেন, যারা আমাদেরকে ভোট দেননি তারাও সমান সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল মত দেখা হবে না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা স্বচ্ছ বাংলাদেশ চাই। বিরোধীপক্ষের কেউ কেউ ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের আগে বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা দায়িত্ব গ্রহণের পরপরই সেই কার্ড মানুষের হাতে পৌঁছে দিয়ে প্রমাণ করতে পেরেছি, আমরা কথা রাখতে জানি।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে যেভাবে দেশকে খাদ্যশস্যে পরিপূর্ণ করেছিলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা বাংলাদেশকে আবার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করব।"
দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃ খনন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলের বাগ হতে সোনাখোলা ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে সকাল সাড়ে দশটার দিকে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, "নদ-নদী, খাল বিল বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের কৃষি বাঁচাতে হলে নদী ও খালগুলো খনন করতে হবে। দেশ গঠনে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। খাল খনন কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে হাজার হাজার খাল খনন করে কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন। খাল খনন করে আমাদেরও কৃষির বিপ্লব ঘটাতে হবে। মৃতপ্রায় নদী ও খাল বিলে আবার পানি আসবে।"
অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনগণ, স্কুলের শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :