রাজশাহীবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই: প্রশাসক রিটন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৩৩ পিএম

সাহিদ হাসান: রাজশাহী সিটির প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই" বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, ঈদের আগে নামাজ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা আমার প্রথম কাজ। বর্তমানে নগরী অপরিচ্ছন্ন রয়েছে, সেটা ঈদের আগে নিরসন করতে চাই। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জলাবদ্ধতা নিরসনে কাজ করব। নগরীতে মশার উৎপাতও বেড়েছে, ইনশাআল্লাহ সেই মশা দমন করব। নগরীর চলমান কাজগুলো কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করব।

অভিনন্দন জানাতে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Link copied!