গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০৮:১০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে বেশ কিছু প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত সংশোধনী এবং গণভোট বিল রহিতের সরকারি প্রস্তাবের প্রতি তীব্র আপত্তি জানিয়েছে দলটি।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ দলের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম খান বলেন, দুই দিনব্যাপী আলোচনায় ১৩৩টি অধ্যাদেশের মধ্যে প্রায় ১১৫টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে ১৮ থেকে ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়েছে। এর মধ্যে গণভোট বিল বাতিলের প্রস্তাবকে ‘জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ উল্লেখ করে এর বিরোধিতা করা হয়েছে।

দুদক সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, আগে দুদক চেয়ারম্যান নিয়োগে একটি সার্চ কমিটি ছিল। নতুন প্রস্তাবে সেই ব্যবস্থা বাতিল করে সরাসরি নিয়োগের ক্ষমতা সরকারের হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। একইভাবে পুলিশ কমিশনার ও আইজিপি নিয়োগেও পেশাদারিত্বের পরিবর্তে সরকারের পছন্দকে প্রাধান্য দেওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সবসময় জনগণের জন্য কল্যাণকর হয়নি। জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাবে তাদের দল সমর্থন দেবে না।

তিনি আরও জানান, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আগামী ২৯ মার্চ আবার আলোচনা হবে। চূড়ান্ত প্রতিবেদন আগামী ২ অক্টোবর জমা দেওয়ার কথা রয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে অধ্যাপক মুজিবুর রহমান, গাজী নজরুল ইসলাম এবং ব্যারিস্টার ড. নজিবুর রহমান মোমিন উপস্থিত ছিলেন।

Link copied!