যথাযথ মর্যাদায় ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৪০ পিএম

আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো, শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম প্রমুখ।

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের উপস্থিতিতে ডিনবৃন্দসহ সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রশাসন ভবন চত্বর হতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়। শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইবি উপাচার্য ও কোষাধ্যক্ষ। এরপর একে একে বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রশাসনের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement

Link copied!