জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৭:১২ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্ববাজারে অস্থিরতা সত্ত্বেও জনগণের কষ্ট লাঘবে সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে, তাই চতুর্মুখী চাপ থাকা সত্ত্বেও দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সমাজসেবা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার আগামী এপ্রিল পর্যন্ত দেশে জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বিশ্বের ৮০টি দেশ জ্বালানির মূল্য বাড়ালেও আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। তবে আমাদের চাহিদা হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতিদিন ডিজেলের গড় চাহিদা ১২ হাজার টন থাকলেও ঈদের আগে তা বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টনে দাঁড়িয়েছে। আমরা বর্তমানে ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কাজ শুরু করেছি।”

সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী অমিত বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কর্মসূচি চালু করেছিলেন। আমরা চাই প্রকৃত হকদাররা যেন এই সুবিধা পান। উপকারভোগী বাছাইয়ে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যেন প্রাধান্য না পায়, তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের সম্মানি চালু হয়েছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ।

পি-কাগজ/কে.আই.এ

Link copied!