ইতালীয় ফুটবলে একের পর এক পতন অব্যাহত রয়েছে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার জেরে এবার পদত্যাগ করলেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। গতকাল এক বিবৃতিতে গাত্তুসোর সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
গত মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার কাছে প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিপর্যয়ের পর বৃহস্পতিবার ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা এবং দলীয় প্রধান জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন। তাদের পথ অনুসরণ করে মাত্র ৯ মাসের মাথায় দায়িত্ব ছাড়লেন গাত্তুসো।
বিদায়ী বিবৃতিতে ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, 'ভারাক্রান্ত হৃদয়ে আমি জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম তা অর্জনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত। আজ্জুরিদের জার্সি ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই ভবিষ্যতের স্বার্থে এখনই সরে দাঁড়ানো সঠিক বলে মনে করি।'
গাত্তুসোর উত্তরসূরি হিসেবে এখন বেশ কিছু বড় নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন এসি মিলানের বর্তমান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও নাপোলির বর্তমান কোচ আন্তোনিও কন্তে। এর আগে ২০১৪-১৬ মেয়াদে ইতালির কোচের দায়িত্ব পালন করেছিলেন কন্তে। আগামী ৭ জুন গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে ইতালিকে নতুন কোচ এবং নতুন ফেডারেশন প্রধান খুঁজে নিতে হবে। আগামী ২২ জুন ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত জুনে লুসিয়ানো স্প্যালেত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন গাত্তুসো। তার অধীনে ইতালি টানা পাঁচটি গ্রুপ ম্যাচ জিতলেও গোল ব্যবধানে নরওয়ের পেছনে থাকায় প্লে-অফে খেলতে বাধ্য হয়। প্লে-অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আশা জাগালেও বসনিয়ার বিপক্ষে শেষ রক্ষা হয়নি। ১০ জনের দলে পরিণত হওয়া ইতালি ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়।
আপনার মতামত লিখুন :