ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আজারুল ইসলাম তার কৃষিজমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন; কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।
শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে পুনরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন একটি ধানক্ষেতের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জানান, তিনি রাতে জমিতে পানি দিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বাঁশের খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :