ত্রিশালে দুই শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা: মূল আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে দুই শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোররাতে গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই শিশু সন্তান—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)-কে বাড়ি থেকে তুলে নেয় স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মিজানুর রহমান সুজনের নেতৃত্বে তাদের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে শিশু দু’টিকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং মারধরের পাশাপাশি জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর ত্রিশাল থানা পুলিশের একটি দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানায়, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!