পুলিশ সদস্যকে প্রাইভেটকার চাপা: সাবেক এমপি প্রার্থী বাবর আলী আটক

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ পিএম

জামালপুরে পুলিশ সদস্যকে প্রাইভেটকার দিয়ে চাপা দেওয়ার ঘটনায় সাবেক এমপি প্রার্থী অ্যাডভোকেট মো. বাবর আলী খানকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, দায়িত্ব পালন শেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের পাশের রাস্তা দিয়ে হেঁটে মূল সড়কের দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান। এ সময় অ্যাডভোকেট মো. বাবর আলী খান প্রাইভেটকার চালিয়ে এসে পেছন থেকে তাকে চাপা দেন। এতে পুলিশ সদস্য মাহবুবুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

আটক অ্যাডভোকেট মো. বাবর আলী খান জামালপুর জেলা জাতীয় পার্টি (জেপি)-এর সভাপতি। তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর (৫) আসনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

Link copied!