মোহনগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এক শিশু, আরও দশ শিশুর সিরাম সংগ্রহ

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ পিএম

মোহনগঞ্জ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাড়ে চার মাস বয়সী ফাইজা আক্তার নামে এক শিশু ভর্তি হয়েছে। সে উপজেলার নাগডড়া গ্রামের আমির আলীর মেয়ে। রবিবার রাতে জ্বর, সর্দি ও শরীরে লালচে র্যাশ নিয়ে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ভর্তি করেন।

এছাড়াও আরও ৯ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এলে তাদের সিরাম সংগ্রহ করে ঢাকা মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে বোঝা যাবে তারা হাম আক্রান্ত হয়েছে কি না। আপাতত তাদের জ্বর ও সর্দিজনিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাম প্রাদুর্ভাব রোধে মোহনগঞ্জ হাসপাতালে এক জরুরি সভা করেছেন ইউএইচএফপিও ডাঃ মোঃ মোমেনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ পার্থ প্রতীম সেন, ডাঃ মোঃ রমিজুল করিম, ডাঃ অলক কান্তি তালুকদার, ডাঃ জান্নাতুন নেছা চাঁদনি সহ সকল কর্মকর্তাবৃন্দ।

ডাঃ মোমেনুল ইসলাম জানান, হাম রোগের লক্ষণ নিয়ে অনেক শিশু আসছে। সেম্পল সংগ্রহ করার জন্য পর্যাপ্ত কিট প্রয়োজন। সীমিত কিছু কিট রয়েছে, যদি এ রোগের লক্ষণ নিয়ে বেশি রোগী আসে তাহলে কিট সংকট দেখা দেবে।

তিনি আরও জানান, হাম আক্রান্ত রোগীর হাঁচি থেকে রোগ ছড়ায় তাই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

Link copied!