ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ৫৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ত্রিশাল থেকে একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি চৌকস দল রোববার (৫ এপ্রিল) দুপুর ২:১৫ মিনিটে ত্রিশাল থানাধীন নওধার লেকেরপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আব্দুর রশিদ (৬৫), মোঃ জাহিদ হাসান (২৪) (আব্দুর রশিদের পুত্র), মোছাঃ নাছিমা আক্তার (৫০) (আব্দুর রশিদের স্ত্রী)। গ্রেফতারকৃতরা সকলেই ত্রিশাল থানার সাকুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আব্দুর রশিদের বিরুদ্ধে পূর্বের ২টি এবং জাহিদ ও নাছিমার বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে।
এদিকে ভালুকায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
একই দিন বিকেলে অপর এক অভিযানে ভালুকা মডেল থানাধীন ডাকাতিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। হেলাল মিয়া ভালুকার ভাটাজোড় গিলাচালা এলাকার মৃত আকবর আলীর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
এসব ঘটনায় ত্রিশাল ও ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, "গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এই চক্রের সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
ডিবির এই ঝটিকা অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ পুলিশের এই সাহসী ও সফল তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :