ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল–ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

উবায়দুল্লাহ রুমি , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের সীমান্তবর্তী বৈরাটি গোরস্থান মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে রিয়াদ হাসান জাহিদ (১৮) ও রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জাহির উদ্দিনের পুত্র হাজির উদ্দিন (৬৫)। তাঁদের মধ্যে জাহিদ মোটরসাইকেলের আরোহী এবং হাজির উদ্দিন ইজিবাইকের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জাহিদের সঙ্গে থাকা রাকিব মোস্তুফা জিম (১৭) এর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক নান্দাইলের কানুরামপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বৈরাটি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের সুরতহাল প্রস্তুত করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!