তথ্য না পাওয়ায় ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ পিএম

ঈশ্বরগঞ্জ তথ্য অধিকার আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আপিল আবেদন করা হয়েছে।

আবেদন সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২৫ তারিখে কুমড়া শাসন গ্রামের বাসিন্দা মোঃ ওবায়দুল্লাহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় জাটিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা খাতুনের কাছে নির্দিষ্ট কিছু তথ্যের জন্য আবেদন করেন। কিন্তু আবেদন করার পর ২০ কর্মদিবসের বেশি সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য প্রদান করেননি কিংবা তথ্য দিতে অপারগতা জানিয়ে কোনো পত্রও দেননি।

আইন অনুযায়ী তথ্য না পাওয়ায় সংক্ষুব্ধ হয়ে ওবায়দুল্লাহ গত ২৮ জুলাই ২০২৫ তারিখে আপিল কর্তৃপক্ষ ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বরাবর ‘ফরম-গ’ এর মাধ্যমে এই আপিল দাখিল করেন।

​আবেদনে তিনি উল্লেখ করেন,​"তথ্য প্রাপ্তি আমার অধিকার। নির্দিষ্ট সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় আমি এই আপিল করছি এবং কাঙ্ক্ষিত তথ্যাদি পাওয়ার দাবি জানাচ্ছি।"

তথ্য অধিকার আইন অনুযায়ী, কোনো নাগরিক তথ্য চেয়ে না পেলে বা নির্ধারিত সময়ে তথ্য না দিলে তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করার অধিকার রাখেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Advertisement

Link copied!