ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ নং জাটিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক লেনদেন ও উন্নয়ন কার্যক্রমের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার নিকট এ আবেদন জমা দেন স্থানীয় বাসিন্দা মোঃ উবায়দুল্লাহ।
আবেদনে ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতের আয়-ব্যয়, হাট-বাজার ইজারা, সম্পত্তি হস্তান্তর বাবদ প্রাপ্ত অর্থ এবং সরকারি বরাদ্দের বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। একই সঙ্গে উক্ত অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে তার রশিদ-ভাউচারসহ পূর্ণাঙ্গ বিবরণও জানতে চাওয়া হয়েছে।
এছাড়া একই সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদের অধীনে বাস্তবায়িত প্রকল্পসমূহ, প্রকল্পভিত্তিক বরাদ্দ এবং কাজের অগ্রগতি সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে আবেদনে। পাশাপাশি ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত আয়ের হিসাব এবং ব্যয়ের তথ্যও চাওয়া হয়েছে।
আবেদনকারী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও ২০২২ সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রায় ৩ কোটি টাকা হরিলুট করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সহসভাপতি শামসুল হক ঝন্টু। পরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনটি অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :