শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার ৫নং গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া গ্রামে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। (৫ জুন) শুক্রবার বেলা অনুমান আড়াইটার দিকে গন্ডা পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মইন উদ্দিনের ছেলে।
জানাগেছে, শুক্রবার বেলা অনুমান আড়াইটার দিকে জামাল মিয়ার শিশু সন্তানের সাথে প্রতিবেশি সুজন মিয়ার সন্তানের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। শিশুদের পক্ষ নিয়ে ওই ঝগড়াটি বড়দের মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নিলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে আহত জামাল মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জামাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গন্ডা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় উত্তেজিত জনতা সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাকসুদের ভাষ্য শিশুদের খেলাধুলার ঝগড়া বড়দের মধ্যে ছড়িয়ে পরলে সংঘর্ষে আহত জামাল মিয়া নিহত হন। এ হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সুজন মিয়ার স্ত্রীকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :