বিল্লাল হোসেন মানিক : ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রানা মিয়া তার ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহমুদুল ইসলাম মাহিন (২০), তোফাজ্জল হোসেন (৪০), হুমায়ুন কবীর আকাশ (২৩) ও মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন ইতিপূর্বেও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে অধিকাংশ হত্যাকাণ্ড মূল ঘটনা উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :