ঈশ্বরগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগে উত্তেজনা, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:১২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মারধরের অভিযোগকে কেন্দ্র করে একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে উপজেলার জাটিয়া এলাকায় ৭০ বছরের বৃদ্ধা আজিদা খাতুনের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুর বিরুদ্ধে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবার আজিদা খাতুনের জমি দখলের চেষ্টা করা হলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তিনি তার জমি পুনরুদ্ধার করেন। তবে দীর্ঘদিন পর গত ২ এপ্রিল মধ্যরাতে পুনরায় ওই জমি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আজিদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে কাগজপত্রসহ উপস্থিত হতে বলে এবং বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেয়। পরে কাগজপত্র যাচাইয়ে আজিদা খাতুনের সকল দলিল সঠিক পাওয়া যায়। অন্যদিকে প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

আজিদা খাতুন অভিযোগ করেন, তার দুই ভাতিজি নার্গিস ও পারভিনকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জমি লিখে না দিলে জোর করে দখল নেওয়ার কথা বলা হচ্ছে। আমার কোনো সহায়-সম্বল নেই, আমি এখন চরম আতঙ্কে আছি।”

তিনি আরও দাবি করেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমি দখলের চেষ্টা করা হলেও বর্তমানে কিছু বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে পুনরায় একই চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এএসআই লিটন জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আজিদা খাতুনের কাগজপত্র সঠিক এবং জমিটি তার দখলেই রয়েছে। প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তবে বিপুলসংখ্যক লোকজন থানায় জড়ো হওয়ায় পুলিশ বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “অন্যায়ভাবে কেউ জমি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামসুল হক ঝন্টুর বিরুদ্ধে জমি দখল, সালিশ বাণিজ্য এবং নিজস্ব বাহিনী গড়ে তোলার মতো নানা অভিযোগ রয়েছে। তিনি আগে আওয়ামী লীগের সাবেক এক এমপির অনুসারী হিসেবে রাজনীতি করলেও বর্তমানে বিভিন্ন প্রভাববলয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

তবে অভিযুক্ত চেয়ারম্যান শামসুল হক ঝন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, “আজিদা খাতুনের কাছ থেকে আমার এক আত্মীয় জমি কিনেছেন। এখন তিনি দলিল করে দিচ্ছেন না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

Advertisement

Link copied!