সারা দেশে হামের জরুরি টিকাদান শুরু হচ্ছে রবিবার থেকে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:০৫ পিএম

দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হবে, যেখানে হামের সংক্রমণের হার তুলনামূলক বেশি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য স্বল্প সময়ের মধ্যে দেশের সব শিশুকে হামের ঝুঁকি থেকে সুরক্ষার আওতায় আনা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জ্বর বা অন্য কোনো অসুস্থতায় আক্রান্ত শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

এদিকে, টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে টিকা সংগ্রহ, কোল্ড চেইন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।

উল্লেখ্য, যেসব শিশু জ্বর বা বর্তমানে অসুস্থ রয়েছে তাদের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Link copied!